টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত, বাস বিকল থেকে দুর্ঘটনা

সিবি ডেক্স: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) এবং আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় এসে জ্বালানি শেষ হয়ে থেমে যায়। পরে বাসের চালক ও সহকারী তেল সংগ্রহ করতে গেলে যাত্রীরা বাস থেকে নেমে আশপাশে অবস্থান নেন। 

বাসের এক যাত্রী মায়া (৩০) জানান, কেউ রাস্তার পাশে এবং কেউ পাশের রেললাইনে গিয়ে বসেছিলেন। এ সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন দ্রুতগতিতে এসে পাঁচজনকে চাপা দেয়। 

ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। 

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। 

Post a Comment

0 Comments