সিবি ডেক্স: পহেলা বৈশাখকে সামনে রেখে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য স্বস্তির খবর এসেছে। এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এরইমধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার সুযোগ চালু হওয়ায় উৎসবের আগে ভাতার টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর।
শুক্রবার (২৭ মার্চ) মাউশির ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল সাবমিট করার অপশন সফটওয়্যারে সক্রিয় করা হয়েছে।
ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন জানান, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুত বিল জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ে কোনো কারিগরি জটিলতা ছাড়াই যেন সবাই অর্থ হাতে পান, সে লক্ষ্যেই আগেভাগে প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এদিকে বৈশাখী ভাতার কার্যক্রম শুরু হলেও মার্চ মাসের নিয়মিত বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। জানা গেছে, গত বুধবার থেকে মার্চ মাসের বেতন বিল জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে।
সব বিল যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।
0 Comments