সিবি ডেক্স: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার খবর সরাসরি অস্বীকার করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি গণমাধ্যমের দাবিকে ‘ভিত্তিহীন ও ভুয়া’ বলে উল্লেখ করে জানান, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ হয়নি।
সম্প্রতি কিছু ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্পের প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। একইসঙ্গে ট্রাম্পও সাংবাদিকদের বলেন, তিনি এমন একজন ‘সম্মানিত নেতার’ সঙ্গে কথা বলছেন এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তবে এসব দাবিকে সম্পূর্ণভাবে নাকচ করে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জ্বালানি ও আর্থিক বাজারে প্রভাব ফেলতে এবং নিজেদের অবস্থান সামাল দিতে পরিকল্পিতভাবে এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের জনগণ আগ্রাসনকারীদের বিরুদ্ধে কঠোর জবাব প্রত্যাশা করে এবং সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশটির কর্মকর্তারা জনগণ ও নেতৃত্বের পাশে থাকবেন। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনারই প্রতিফলন এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশলের অংশ।
0 Comments