ইরানি দূতাবাসে হামলা হলে ইসরায়েলি মিশনে পাল্টা হুঁশিয়ারি

সিবি ডেক্স: লেবাননে ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ বক্তব্য দেন।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরায়েলি হামলার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার নজির স্থাপন করেছে। তবে ইরান আন্তর্জাতিক বিবেচনা ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে এতদিন সংযম প্রদর্শন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই। তিনি সতর্ক করে বলেন, লেবাননে ইরানি দূতাবাসে আঘাত এলে ইরান বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করবে এবং পাল্টা জবাব দেবে। চলমান সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

Post a Comment

0 Comments