সিবি ডেক্স: দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার দেশে তা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। এ লক্ষ্যে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে।
এসব অনিয়ম প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযানসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল আসার পথে রয়েছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও তেলের দাম বৃদ্ধি না পায়, সে বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করবেন।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হয় এবং এসব দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।
চিফ হুইপ আরও জানান, দেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মন্ত্রীদের সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে বাধ্য করেছেন, যাতে তারা এলাকাভিত্তিক কার্যকর ব্যবস্থা নিতে পারেন। এ ধরনের ব্রিফিং এখন থেকে প্রতি মাসে আয়োজন করা হবে।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও আগামী বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ বিভিন্ন বিলের প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
0 Comments