ভেন্টিলেটর সংকটে রাজশাহীতে ১১ দিনে ৩৩ শিশু মৃত্যু, মন্ত্রীর ক্ষোভ

সিবি ডেক্স: ভেন্টিলেটরের অভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিনে ৩৩ জন শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন, হাসপাতালের পরিচালক বিষয়টি আগে থেকে জানালেও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিনি ফোন করার পর হাসপাতালের পরিচালক দাবি করেছিলেন যে গণমাধ্যম বিষয়টি বাড়িয়ে বলছে। তবে পরবর্তীতে প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, গণমাধ্যমের তথ্যই সঠিক ছিল এবং পরিচালক আর তা অস্বীকার করতে পারেননি।

তিনি জানান, সরকারি প্রক্রিয়ায় দ্রুত ভেন্টিলেটর কেনা কঠিন হওয়ায় ব্যক্তিগত উদ্যোগে ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে, যা সরকারি অর্থে নয় বরং বেসরকারি সহায়তায় আনা হচ্ছে। এছাড়া আরও দুটি ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টা চলছে।

চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন, তাই তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তির কারণে চিকিৎসায় ভুল হতে পারে, যা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে আপডেট থাকা প্রয়োজন। পাশাপাশি প্রবীণ চিকিৎসকদের কাছ থেকে শেখার ওপরও গুরুত্বারোপ করেন।

নিজের চিকিৎসা অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ২০১৮ সালের নির্বাচনের আগে আহত হওয়ার পর দেশে অস্ত্রোপচারের পরামর্শ পেলেও ভারতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যায়াম ও বিশেষ জুতার মাধ্যমে সুস্থ হন।

চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং এসব আচরণকে চিকিৎসা নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেন।

Post a Comment

0 Comments