ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করা চোর নুরনবী এবার মাদকসহ গ্রেপ্তার

সিবি ডেক্স: নীলফামারীর জলঢাকায় থানার ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করা কুখ্যাত চোর নুরনবী ইসলামকে (৪০) এবার মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ মার্চ) দুপুরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম উপজেলার সবুজপাড়া নদীরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নুরনবী দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন এবং তার নেতৃত্বে একটি চুরির চক্র গড়ে উঠেছিল। থানায় নতুন ওসি যোগদানের পর অপরাধীদের আত্মসমর্পণের ঘোষণা দেওয়া হলে নুরনবী থানায় এসে আর কখনও চুরি করবেন না বলে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেন।

পরে তাকে কাজের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে হিরোইন ও ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আগে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন এবং তাকে কাজের ব্যবস্থাও করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চুরি না করার বিষয়ে মুচলেকা দিয়েছিলেন, তবে মাদক বিক্রি করবেন না— এমন কোনো মুচলেকা দেননি।

পুলিশ জানিয়েছে, নুরনবীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments