ভুয়া গেজেট-স্বাক্ষরে প্রতারণা, ডিবির হাতে ‘উপদেষ্টা’ পরিচয়ধারী গ্রেপ্তার

সিবি ডেক্স: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ ও সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে আরিফ মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২১ মার্চ) কক্সবাজার জেলা পুলিশ ও সিটিটিসি-র সহযোগিতায় চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আরিফ মহিউদ্দিন দীর্ঘদিন ধরে নিজেকে ড. আরিফ মহিউদ্দিন বা মহিউদ্দিন চৌধুরী পরিচয়ে উপস্থাপন করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ অ্যাডভাইজার’ দাবি করতেন এবং তার মোবাইল ফোনে এমন বহু প্রতারণার তথ্য পাওয়া গেছে।

প্রতারণার কৌশল হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন জামিলের সিল ব্যবহার করে একটি জীবনী তৈরি করে বিভিন্ন দপ্তরে পাঠান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর জাল করে একটি ভুয়া সরকারি গেজেট তৈরি করেন, যেখানে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করে তা বিভিন্ন সরকারি অফিসে পাঠাতেন। একটি আসল গেজেট সম্পাদনা করে সেখানে নিজের নাম সংযোজন করা হয়েছিল বলে জানানো হয়।

ডিবি প্রধান আরও জানান, ‘গুম কল্যাণ ট্রাস্ট’ নামের একটি সংগঠনের সিল ও মনোগ্রাম ব্যবহার করে তিনি প্রতারণা করতেন। ওই সংগঠনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সভাপতি ও নিজেকে সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা ও চাঁদা দাবি করতেন। পাশাপাশি নিজেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদার দাবি করে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন এবং বাংলাদেশ ব্যাংকে এক হাজার কোটি টাকা ঋণের আবেদনও করেন।

তার বিরুদ্ধে আগে থেকেই প্রতারণার অভিযোগ রয়েছে। ২০২৪ সালে চকরিয়া থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল এবং একটি সাইবার মামলায় তার পাঁচ বছরের সাজা রয়েছে, যার বর্তমান অবস্থা খতিয়ে দেখছে ডিবি।

আরিফ মহিউদ্দিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পাহাড়িকা গ্রামে। বর্তমানে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments