পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিবি ডেক্স: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিল হামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জের বিল হামলা খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। আজ যখন কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, তখন মনে হয়েছে তিনি যেন আমাদের মাঝেই আছেন। তিনি বলেন, বিএনপি জনগণের দল—এ কথাটি মানুষের কাছে তুলে ধরাই তাদের লক্ষ্য।

তিনি আরও জানান, আগামী চার বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের কাজ চলমান থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম এবং সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম মানিকসহ অন্যান্যরা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে বগুড়ার শিবগঞ্জের বিল হামলা খাল প্রায় সাড়ে তিন কিলোমিটার পুনঃখনন করা হবে। এতে প্রকৃত শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ব্যক্তিরাও কাজ করবেন।

এদিকে একই সময়ে জেলার কাহালু উপজেলার গিরাইল এলাকায় জিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

Post a Comment

0 Comments