রাজধানীতে স্টার হোটেলে খেজুরের দাম নিয়ে তর্ক, কর্মীদের মারধরের অভিযোগ

সিবি ডেক্স: রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকার জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের মারধরের অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) ইফতারের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়, কয়েকজন ক্রেতা ইফতার করতে স্টার কাবাবে গেলে খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন স্টাফ ক্রেতাদের ওপর হামলা চালান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন স্টাফকে ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন স্টাফকে একটি চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে দেখা যায় এবং আরেকজনকে হাতে থাকা বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়। একপর্যায়ে কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় একাধিক ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বলেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মারধরের শিকার ক্রেতারা থানায় অভিযোগ দিতে এসেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি বিস্তারিত তদন্ত করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Post a Comment

0 Comments