শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের শুরুর দিকে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত আরটিএক্স করপোরেশনের এএন/টিপিওয়াই-২ রাডার এবং সহায়ক সরঞ্জাম ধ্বংস হয়েছে। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বব্যাপী আটটি থাড সিস্টেমের মধ্যে দক্ষিণ কোরিয়া ও গুয়ামও অন্তর্ভুক্ত। প্রতিটি ব্যাটারির মূল্য প্রায় এক বিলিয়ন ডলার, যার প্রায় ৩০ কোটি ডলার রাডারের জন্য ব্যয় হয়।
একই সময়ে ইরান ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে ড্রোন হামলার দাবি করেছে। ইরানের নৌবাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটি এবং ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো নিশানা করা হয়েছে। হামলায় মার্কিন আকাশযুদ্ধ কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আর্লি ওয়ার্নিং রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান পাল্টা জবাবে এই ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
0 Comments