সিবি ডেক্স: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের আমলে দেশে প্রকৃত উন্নয়ন হয়নি এবং মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতি হয়েছে। তিনি বলেন, এসব দুর্নীতি বন্ধ করে দেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক সাহাব উদ্দিন সাবুর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেগুলোর সুফল সাধারণ মানুষ পায়নি। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে এবং ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই দুর্নীতি বরদাশত করা হবে না। জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন কিংবা এলজিইডি—যেখানেই দুর্নীতি হোক, দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী উল্লেখ করেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে আছে এবং দেশের আরও কয়েকটি ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের কারণে সংকটে রয়েছে। তিনি সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
0 Comments