স্ত্রী হত্যা মামলায় স্বামী রাশেদকে মৃত্যুদণ্ড |

সিবি ডেক্স: কক্সবাজারের রামুতে স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার দায়ে মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাশেদ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার চেষ্টা চালান রাশেদ। গুরুতর আহত বুলবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত বুলবুল একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়েরের মেয়ে।

এ ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মোহাম্মদ রাশেদকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। তবে তার বোন ও ভগ্নিপতিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রাশেদ আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়।

Post a Comment

0 Comments