কক্সবাজার চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় ঘটে।  

নিহতরা হলেন ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)। তারা দুই বন্ধু মোটরসাইকেল করে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। 

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, চট্টগ্রাম থেকে আসা ‘লাল-সবুজ পরিবহন’ সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  

ওসি আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালেই রাখা আছে এবং স্বজনদের হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।  

Post a Comment

0 Comments