সিবি ডেক্স: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজে পাশাপাশি অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তখন প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত এবং প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। আলোচনা শেষে ডা. শফিকুর রহমান সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন।
এ সময় প্রধানমন্ত্রী সৌজন্যতার অংশ হিসেবে বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সকলের প্রতি সম্মান ও সৌজন্য প্রদর্শনে বিশ্বাসী। বিভিন্ন সময় তার এ ধরনের আচরণ সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে।
0 Comments