নির্বাচন সামনে রেখে ঈদগাঁওজুড়ে দিনব্যাপী যৌথ নিরাপত্তা মহড়া

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলা জুড়ে মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ যৌথ মহড়া চলে।

উক্ত মহড়ায় বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। টহল মহড়াটি ঈদগাঁও বাজার, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান, প্রধান সড়ক ও স্থানীয় বাজারসমূহে পরিচালিত হয়।

টহল মহড়া চলাকালীন স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। যৌথ টহলের দৃশ্যমান ও সমন্বিত উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি সৃষ্টি করে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে তাদের উৎসাহিত করে।

এই যৌথ শোডাউনের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে আস্থা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এলাকায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্ট বাহিনীর ইনচার্জরা। ঈদগাঁও উপজেলা প্রশাসন, ইসলামাবাদ অস্থায়ী সেনা ক্যাম্প ও থানা প্রশাসন প্রেরিত তথ্যে উক্ত মহড়ার কার্যক্রম নিশ্চিত করা হয়।

Post a Comment

0 Comments