Recents in Beach

ব্রেকিং নিউজ

তারেক রহমানের শপথে মোদি-শেহবাজকে আমন্ত্রণের পরিকল্পনা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর সম্ভাব্য শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

শনিবার বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে বিএনপির শীর্ষ এক নেতা জানান, শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে সম্ভাব্য অতিথিদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও শপথের সুনির্দিষ্ট তারিখ ও চূড়ান্ত অতিথি তালিকা এখনো নির্ধারণ হয়নি।

এদিকে, একই দিনে বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ঢাকায় অনুষ্ঠেয় শপথ গ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের প্রস্তুতি চলছে এবং নরেন্দ্র মোদি মূল আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন।

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শপথ অনুষ্ঠান ঘিরে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Post a Comment

0 Comments