কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকায় বেপরোয়া গতির একটি ইজিবাইকের (টমটম) ধাক্কায় সাদিয়া (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কালারমারছড়া বাজারের সাফা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া কালারমারছড়া ইউনিয়নের গোলাম মোস্তফা প্রকাশ ভেটো মাঝির মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাজার সদাই শেষে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় উল্টো দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, মহেশখালীতে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে ইজিবাইক ও ড্রামট্রাক তুলে দেওয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। মাঝেমধ্যে প্রশাসনিক অভিযান পরিচালিত হলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে তা যথেষ্ট কার্যকর হচ্ছে না বলে দাবি তাদের।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, নিহতের পরিবার ঘাতক চালকের বিরুদ্ধে মামলা করবে না বলে জানিয়েছে। তবে পরিবার মামলা না করলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। প্রাণঘাতী ও অদক্ষ চালকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং ইজিবাইক ও ড্রামট্রাক নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হবে।
0 Comments