নির্বাচন ও গণভোটের বেশিরভাগ ফল রাতেই পাওয়ার আশা ইসির

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের বেশিরভাগই রাতের মধ্যেই পাওয়া যাবে বলে প্রত্যাশা করছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন করতে ইসি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি জানান, আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হবে এবং সন্ধ্যার মধ্যেই সেগুলো ভোটকেন্দ্রে পৌঁছে যাবে। সংসদীয় আসনের ভোট ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা করা হবে। ভোটের দিন কমিশনের পক্ষ থেকে মোট চার দফা ব্রিফিং দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, সারাদেশে প্রাপ্ত মোট ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গণভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

ইসি জানায়, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হবে। একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে ৪টার পরও যদি কোনো ভোটার ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে থাকেন, তাহলে তাকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে।

এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮১ জন নারী। দেশজুড়ে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আনুমানিক অর্ধেক সাধারণ এবং বাকি অর্ধেক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত।

ইসি জানায়, মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে প্রায় ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ব্যালট পৌঁছেছে।

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে থাকছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৫৮ হাজার সদস্য। এছাড়া ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে।

Post a Comment

0 Comments