কক্সবাজারে চার আসনে ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট গ্রহণ করা হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং কারাবন্দীরা প্রথমবারের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই ভোটাধিকার প্রয়োগ করেন। এসব পোস্টাল ভোটের ফলাফল আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর প্রকাশ করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই চারটি আসন থেকে এসব পোস্টাল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

আসনভিত্তিক হিসাবে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে ৯ হাজার ৬৩৫টি, কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ৪ হাজার ২১২টি, কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে ১০ হাজার ৯১৭টি এবং কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে ৩ হাজার ৮৬৬টি পোস্টাল ভোট পড়েছে। চারটি আসনের মধ্যে সর্বাধিক পোস্টাল ভোট পড়েছে কক্সবাজার–৩ আসনে।

জেলা প্রশাসন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে এসব পোস্টাল ভোট গণনা করা হবে। নিয়মিত ভোট গণনার আদলেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। প্রতি ৩০০ ভোটের জন্য একজন করে সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

প্রার্থীরা চাইলে নিজেরা উপস্থিত থেকে কিংবা এজেন্ট নিয়োগের মাধ্যমে ভোট গণনা কার্যক্রম প্রত্যক্ষ করতে পারবেন। পুরো গণনা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও প্রশাসন জানিয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, স্ক্যানিং প্রক্রিয়ার মাধ্যমে যাচাই শেষে ব্যালট বক্স খোলা হবে এবং স্বচ্ছভাবে ভোট গণনা সম্পন্ন করা হবে। গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোটের জন্য পৃথক ব্যালটও গণনা করা হবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ—বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান—এছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ভোট দিয়েছেন। দেশের অভ্যন্তরে কর্মরত চাকরিজীবী ও কারাবন্দীরাও এই ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সংশ্লিষ্টরা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে পর্যাপ্ত প্রচার না থাকায় অনেক সম্ভাব্য ভোটার পোস্টাল ভোটে অংশ নিতে পারেননি—এমন অভিযোগও উঠেছে।

Post a Comment

0 Comments