কুতুবদিয়ায় দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থনে ১১ দলীয় জোটের বিশাল জনসভা

কক্সবাজারের কুতুবদিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণদের আত্মত্যাগের অন্যতম কারণ ছিল মেধাবীদের যথাযথ মূল্যায়নের অভাব। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইতিহাস প্রমাণ করে—বৈষম্য ও জুলুমের রাজনীতি কখনো টেকসই হয় না।

তিনি আরও বলেন, কুতুবদিয়া ও মহেশখালীর দীর্ঘদিনের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে বেড়িবাঁধের দুরবস্থা, ফেরিঘাট সংকট ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি লবণ আমদানি বন্ধ করে রপ্তানিমুখী নীতি গ্রহণ, ব্লু-ইকোনোমি বাস্তবায়ন এবং ডিপ সি-পোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে মহেশখালীকে আধুনিক বাণিজ্যকেন্দ্রে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জাতীয় নির্বাচনে জনগণের সামনে আজ দুটি পথ খোলা—দুর্নীতি ও দখলদারির রাজনীতি অথবা সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর জনগণের সামনে পরিবর্তনের সুযোগ এসেছে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ভোটের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি ভোটারদের দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

বিশিষ্ট ইসলামী আলোচক আলী হাসান ওসামা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে পরিচালনা করতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুল আমিন ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেনসহ ১১ দলীয় জোটের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments