কক্সবাজারের চকরিয়া উপজেলার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ এপ্রিল (বুধবার) সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে ২০২৬ সালের জন্য নতুন ব্যবস্থাপনা পর্ষদ গঠিত হবে।
সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক আজিজুল হক মঞ্জু গত ৫ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিলে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সহকারী সমবায় পরিদর্শক ফারহানা জান্নাত ও সদস্য আকরাম উদ্দিন। এর আগে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া এলাকায় অবস্থিত এটিএন পার্ক কমিউনিটি সেন্টার মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি লিমিটেডের (রেজি. নং-২৩৯৯) সদস্যরা এদিন ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে সমিতির সদস্যরা সরাসরি ব্যালটের মাধ্যমে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সম্পাদক এবং ৯ জন পরিচালক নির্বাচন করবেন। নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিটি বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সমিতির সব সদস্যের সহযোগিতা কামনা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি।
0 Comments