নির্বাচন ঘিরে দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে রাজনৈতিক মহলের শঙ্কা অনেকটাই কেটে গেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অনিশ্চয়তাও দূর হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতায় পঞ্চগড়-১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট।
১৫৫টি ভোটকেন্দ্রের এই আসনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৩০৪। নির্বাচনের এই ফলাফলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেলেও পরাজিত পক্ষ ফলাফল পর্যালোচনার কথা জানিয়েছে।
0 Comments