Recents in Beach

ব্রেকিং নিউজ

নির্বাচন উপলক্ষে আজও সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যানবাহন চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আজও (১৩ ফেব্রুয়ারি) বহাল রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকলেও মোটরসাইকেল ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টার জন্য সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন। পাশাপাশি জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যান, সংবাদপত্র বহনকারী যানবাহন এবং বৈধ প্রমাণ সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য নির্ধারিত একটি করে ছোট যানবাহন, সাংবাদিক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল এবং টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি অনুমোদিত যানবাহনের ক্ষেত্রেও শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের জন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

Post a Comment

0 Comments