টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয় বলে দাবি সুলতান সালাউদ্দিন টুকুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর দলীয় নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে টুকুকে বরণ করে নেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টুকু বলেন, দীর্ঘ সময় ধরে যারা তার জন্য কষ্ট ও শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিকভাবে ঋণী। নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই জয় টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয়। আগামী দিনে যেকোনো প্রয়োজনে তিনি জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে জনগণ গ্রহণ করেছে। টাঙ্গাইলবাসীর কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা ও স্বাভৌমত্ব রক্ষার প্রশ্নে বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। স্বাধীনতার বিরোধিতাকারী একটি শক্তি গুপ্তভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করলেও জনগণ তারেক রহমানের নেতৃত্বে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।

Post a Comment

0 Comments