বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন অভিযোগ করেছেন, পরাজয়ের আশঙ্কায় জামায়াত সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নানা ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তিনি এসব ঘটনাকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. মাহদী আমিন এসব অভিযোগ তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ফলে নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা স্বাভাবিকভাবেই তীব্র।
তিনি দাবি করেন, বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তার কারণে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য—এটি দেশ ও বিদেশে সর্বজনীন বিশ্বাসে পরিণত হয়েছে।
তবে এই বাস্তবতায় পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা ও অনৈতিক পথ বেছে নিচ্ছে, তা গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, শতাধিক ভোটকেন্দ্রে একদিন আগেই জামায়াতের অনাকাঙ্ক্ষিত তৎপরতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অনেকেই গ্রেফতার হয়েছেন এবং বিভিন্ন স্থানে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে।
ড. মাহদী আমিন তার পোস্টে গণমাধ্যমে প্রকাশিত জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ও ঘটনার শিরোনামের তালিকা তুলে ধরেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে—ভোটারদের টাকা বিতরণ, বিপুল পরিমাণ নগদ অর্থসহ নেতাকর্মী আটক, আচরণবিধি লঙ্ঘন, ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জালভোটের চেষ্টা, সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, ভোটকেন্দ্র দখলের চেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের মতো গুরুতর ঘটনা।
তিনি আরও বলেন, এসব অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড প্রমাণ করে জামায়াত পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে সব ষড়যন্ত্র ও অপকৌশলের জবাব জনগণই দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ড. মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, ভোটাররা নিজের ভোট নিজে দিয়ে শান্তিপূর্ণভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানের মাধ্যমে এসব নৈরাজ্যের উপযুক্ত জবাব দেবেন। জনগণের ভালোবাসা ও সমর্থনের ভিত্তিতে বিএনপির বিজয় সুনিশ্চিত বলেও তিনি মন্তব্য করেন।
0 Comments