চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে প্রাণ গেল দুই শিশুর

কক্সবাজারর চকরিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ও বিকেলে উপজেলার বিএমচর এবং কোনাখালী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত দুই শিশুরই বয়স মাত্র দুই বছর।

নিহতরা হলো— বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা এলাকার বোরহান উদ্দীনের কন্যা হোসাইফা (২) এবং কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ রাহিত (২)। চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা এলাকায় বাড়ির সামনের সড়কে একটি দ্রুতগামী ল্যান্ডক্রুজার গাড়ি শিশু হোসাইফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়িটি ধাওয়া করে জব্দ করে।

অপরদিকে, একই দিন বিকেলে কোনাখালী ইউনিয়নে বাড়ির সামনের সড়কে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় শিশু মোহাম্মদ রাহিত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে পৃথক দুটি স্থানে বাড়ির সামনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে গতির নিয়ন্ত্রণ ও জনবসতিপূর্ণ এলাকায় যানবাহন চলাচলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments