উখিয়ার পালংখালীতে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ক্যাম্পটির ই ব্লকে আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে সহযোগিতা করছেন সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দারাও। 

রাত সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগুনের সূত্রপাতের কারণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments