মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলার জিকরুল হক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে পিবিআই পরিচয়ে কয়েকজন সদস্য মহসিন নামে এক ব্যক্তিকে আটক করেন। আটক হওয়ার সময় তিনি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশের গাড়িটি ঘিরে ফেলে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গাড়িতে থাকা পিবিআই সদস্যদের মারধর করে এবং গাড়িটি ভাঙচুর করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল সৈয়দপুর থানা এলাকায় মহসিন নামে এক আসামিকে আটক করে। এ সময় তিনি নিজেকে ভুয়া পুলিশ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ভুলবশত ক্ষুব্ধ হয়ে পিবিআই সদস্যদের ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, এ ঘটনায় গাড়িচালকসহ দুইজন পিবিআই সদস্য আহত হন। হামলার সময় পুলিশের সাদা মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। ওই সুযোগে আটক আসামি পালিয়ে যায়। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই সদস্যদের উদ্ধার করে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
0 Comments