রমজানে সুনামগঞ্জে বাজার তদারকি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে সুনামগঞ্জ জেলায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার আ. ব. ম. জাকির হোসেন।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে শহরের ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করেন জেলার শীর্ষ কর্মকর্তারা।

একটি দোকানে লেবুর দাম যাচাই করতে গিয়ে ভিন্ন চিত্র দেখা যায়। দোকানদার ১২০ টাকার পরিবর্তে ৪০ টাকা দাম বললে উপস্থিত ক্রেতারা কম দামে লেবু কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও পণ্যের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। এদিন পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট), জগন্নাথবাড়ি এলাকা, কাঁচাবাজার, ডিএস রোড, ফলবাজার, মধ্যবাজার ও পাইকারি বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, সহনীয় পর্যায়ে দাম রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার আ. ব. ম. জাকির হোসেন বলেন, রমজানে কোনো ধরনের সিন্ডিকেট বা প্রতারণা বরদাশত করা হবে না। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পণ্যের দাম বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments