ফাল্গুন-ভালোবাসা দিবসে বরিশালে ফুলের দোকানে ভিড়

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বরিশালে ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রিয়জনকে একটি লাল গোলাপ উপহার দিতে সকাল থেকেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ দোকানমুখী হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ফুলের দোকানগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন বিনোদন কেন্দ্রের প্রবেশমুখেও লাল গোলাপ, গাঁদা, জারবেরা ও রজনীগন্ধাসহ নানা ধরনের ফুলের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

বিশেষ করে লাল গোলাপ ও হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা সবচেয়ে বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়েও অনেককে ফুল কিনতে দেখা গেছে। বিক্রেতারা জানান, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় এবার বিক্রি বেড়েছে।

তবে পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। মান ও আকারভেদে দেশি গোলাপ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের ফুলের তোড়া বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়।

ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযোগ করছেন, গত বছরের তুলনায় ফুলের দাম প্রায় দ্বিগুণ। আবার অনেকের মতে, বিশেষ দিন হিসেবে দাম কিছুটা বেশি হলেও তা সহনীয়। ফুল কিনতে আসা এক তরুণী বলেন, দিনটি সবার জীবনে সুন্দর আগামী বয়ে আনুক এবং সবাই যেন তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায়।

ব্যবসায়ীরা আশা করছেন, বিকেলের পর ভিড় আরও বাড়বে। সব মিলিয়ে বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে বরিশালের ফুলের দোকান ও বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

Post a Comment

0 Comments