১৭ ফেব্রুয়ারি এমপি ও মন্ত্রিসভার শপথ, ভেন্যু সংসদ ভবন

নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। কবে শপথ হবে এবং কারা নতুন মন্ত্রিসভায় থাকবেন—তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একাধিক সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এ শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের সার্বিক আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। অতীতে এ আয়োজন বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও এবার স্থান পরিবর্তন করে জাতীয় সংসদ প্রাঙ্গণে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন।

এ ছাড়া ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

নতুন সরকারের শপথকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Post a Comment

0 Comments