বিএনপির জয়ের আশা, দেশ পরিচালনায় রাজনৈতিক ঐক্যের বার্তা তারেক রহমানের

সিবি ডেক্স: বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলনের সময় যেসব রাজনৈতিক দল একসঙ্গে ছিল, তাদের পাশাপাশি কম-বেশি আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চান তারা।
ভোটগ্রহণ শেষ হওয়ার আড়াই ঘণ্টা আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এর আগে তিনি ঢাকার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাষাণটেক, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ও সোহানবাগ এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
সংবাদিকদের তিনি বলেন, আন্দোলন ও সংগ্রামের সময় যেসব রাজনৈতিক দল একসঙ্গে ছিল, তাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দেশ পরিচালনার প্রত্যাশা রয়েছে বিএনপির।
ভোটকেন্দ্র পরিদর্শন এবং দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোটার উপস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, ঢাকায় যেসব কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করেছেন।
তিনি আরও বলেন, গত কয়েক দিনে মানুষ লঞ্চ, স্টিমার, ট্রেন ও বাসে করে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য। তার প্রত্যাশা ছিল, ভোটের দিন সেই উৎসাহ বজায় থাকবে এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

Post a Comment

0 Comments