বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ আগস্ট ২০২৪ তারিখের আদেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং হেরা সোয়েটার্স নামে একটি পোশাক কারখানার মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার দুপুরে অপসারণের খবর ছড়িয়ে পড়ার পর ড. আহসান এইচ মনসুর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তিনি পদত্যাগ করেননি, তবে অপসারণের খবর শুনেছেন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি গভর্নর হিসেবে নিয়োগ পান।
0 Comments