কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ি জনপদের একটি বসতবাড়ি থেকে খাইরুন্নিছা বেগম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং ছগিরশাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আবুল হাশেম পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত খাইরুন্নিছা বেগম ওই এলাকার আবুল হাশেমের স্ত্রী। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া থানা-এর সেকেন্ড অফিসার এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী আবুল হাশেমের সঙ্গে স্ত্রী খাইরুন্নিছার ঝগড়া হয়। এরপর আবুল হাশেম ভোট দিতে বাড়ি থেকে বের হয়ে যান এবং দিনভর আর ফেরেননি।
ওসি আরও জানান, স্বামীর দাবি অনুযায়ী রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাড়ি ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং জনপ্রতিনিধিদের খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাইরুন্নিছা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সুরতহাল রিপোর্ট তৈরির সময় নিহতের হাতে একটি কামড়ের দাগ পাওয়া গেছে, যা মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
0 Comments