বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই গুম করা হয়েছিল এবং আমার বেঁচে থাকার কথা ছিল না। তিনি বলেন, জনগণের দোয়া ও আল্লাহর রহমতেই তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন এবং এই বর্ধিত জীবন দেশের মানুষের সেবায় উৎসর্গ করবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সন্তানেরা একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের দাবিতে রক্ত দিয়ে শহীদ হয়েছেন। সেই আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ না করে ফলাফল নিশ্চিত করেই কেন্দ্র ছাড়তে হবে।
তিনি দাবি করেন, বিএনপির সরকার মানেই জনগণের সরকার এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত হবে।
শেষ নির্বাচনি জনসভায় চকরিয়া ও পেকুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে সভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্টদের ধারণা, এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
0 Comments