দেশে প্রচুর গ্যাস আছে, নতুন খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছাবো: তারেক রহমান

বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ইনশাআল্লাহ নতুন নতুন গ্যাসের খনি আবিষ্কার করা হবে এবং সেই গ্যাস উত্তোলনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আগের সরকার দেশের ভেতরে গ্যাস খনি অনুসন্ধানে গুরুত্ব না দিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির ওপর নির্ভর করেছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। একই সময়ে তারা মানবিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, এবার বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনো ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পত্রিকার পাতায় দেখা গেছে, তাদের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা-৫ আসনের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে কেউ কোনো ধরনের দুঃসাহস দেখাতে না পারে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটের দিন ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে অবস্থান নিতে হবে। শুধু ভোট দিয়ে চলে না এসে ফলাফল নিশ্চিত করে তবেই কেন্দ্র ত্যাগ করার আহ্বান জানান তিনি।

দুর্নীতির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে। তিনি দাবি করেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণের সময় দেশে দুর্নীতির কালো দাগ ছিল, তবে ২০০৬ সালে ক্ষমতা হস্তান্তরের সময় সঠিক ব্যবস্থাপনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা হয়েছিল।

Post a Comment

0 Comments