আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সই করা এক বিজ্ঞপ্তিতে দলের শীর্ষ নেতাদের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ভোট দেবেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ঢাকার শাহজাহানপুর এলাকায় মির্জা আব্বাস ভোট দেবেন মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেবেন কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।
চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী ভোট দেবেন মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কক্সবাজারের পেকুয়া উপজেলায় সালাহউদ্দিন আহমদ ভোট দেবেন সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে।
এছাড়া ইকবাল হাসান মাহমুদ টুকু ভোট দেবেন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোট দেবেন ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ নেতাদের ভোট প্রদানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের বার্তা দেওয়া হচ্ছে।
0 Comments