মাঘ মাসের শেষ সময়ে রাজধানী ঢাকায় ধীরে ধীরে শীতের তীব্রতা কমতে শুরু করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের প্রথমার্ধে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দেশের সব বিভাগেই রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
0 Comments