ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে যাচ্ছেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের সূচি রয়েছে। সফরকালে ম্যাক্রোঁ নয়াদিল্লিতে একটি এআই ইমপেক্ট সম্মেলনেও অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পর নরেন্দ্র মোদি টেলিফোনে বিএনপি নেতা তারেক রহমানকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ও আঞ্চলিক কূটনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
0 Comments