চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক এস এম দিদারুল ইসলাম সিকদার এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনসহ নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবু জাফর (৫৭)। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. এহসান ওরফে বুলু (৩১), নারী ও শিশু নির্যাতন মামলার আসামি তারেকুর রহমান (১৯), ভূমি ও অপরাধ সংক্রান্ত মামলার আসামি আবদুল মান্নান (৬১) এবং সিআর মামলার দুই আসামি মো. জামাল উদ্দিন ও রাজীব নাথ (৩৬)।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক এস এম দিদারুল ইসলাম সিকদার আরও জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দনাইশ থানা পুলিশের এই বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ভিত্তিতে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।


0 Comments