জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, উপদেষ্টারা যদি ‘সেফ এক্সিট’ নেওয়ার চিন্তা করেন, তবে তার আগে তাদের সম্পদের হিসাব-নিকাশ জনগণের সামনে প্রকাশ করতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। শাপলাকলি মার্কায় ভোট দেওয়ায় নোয়াখালীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ এবং সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো—সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। এতদিনে কী কাজ করেছেন, তার সালতামামি প্রকাশ করুন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং এতে প্রশাসন ও প্রতিষ্ঠানের কিছু অংশ জড়িত ছিল বলে তার দাবি।
বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনকে ব্যবহার করে একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যক্রমের নামে সহিংসতা ও হামলার ঘটনা ঘটছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
0 Comments