বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার-2 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল ব্যবধানে বিজয়ী হওয়া কক্সবাজারের এই দুই অভিজ্ঞ রাজনীতিক নিজেদের মাঝে নির্বাচনী জয়ের আনন্দ ভাগাভাগি করেন। এর আগে মহেশখালীর এক নির্বাচনি সভায় তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।
ওই সভায় আলমগীর ফরিদের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, বিএনপি জনগণের সরকার এবং আলমগীর ফরিদকে জয়ী করে সংসদে পাঠানোর আহ্বান জানান। তিনি দলীয় সমর্থকদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় আলমগীর ফরিদ বলেন, মহেশখালী-কুতুবদিয়ার জনগণের প্রতি তিনি কৃতজ্ঞ এবং নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের সেবায় কাজ করে যাবেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে দুইবার এবং ২০০১ সালে চকরিয়া-পেকুয়া আসন থেকে নির্বাচিত হয়ে তৎকালীন সরকারের আমলে স্বাধীনতার পর কক্সবাজার থেকে প্রথম প্রতিমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন সালাহউদ্দিন আহমদ। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার সময় তিনি গুমের শিকার হন এবং পরবর্তীতে ফিরে আসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
0 Comments