মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে। তার ভাষ্য অনুযায়ী, যে রাজনৈতিক দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী—একাত্তরে এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি তা দিয়েছেন।
তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা অস্বাভাবিক নয়। তবে বাংলাদেশের মানুষ সব জানে এবং বুঝে যে, নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা আসলে প্রতারণা ও ভণ্ডামি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে কার্যত ভাড়া করে একটি সাইনবোর্ড দেখাতে চাচ্ছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। ওই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখাতে চাইছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা এটি কখনোই মেনে নেবেন না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের সব দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিভ্রান্তি, মিথ্যা তথ্য ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানানো তাদের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামী নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা বাস্তবে নারীদের কর্মসংস্থান ধ্বংসের একটি পরিকল্পনা।
পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
0 Comments