মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির-এ শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী ও পূজারি মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন।

প্রতিবছরের ন্যায় রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে সাত দিন। তবে দর্শন শুরু হবে বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত। শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে মৈনাক পাহাড়ের পাদদেশে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা।

শুধু সনাতনী সম্প্রদায় নয়, দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরাও এ মিলনমেলায় অংশ নেবেন। প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্য বহনকারী আদিনাথ মেলা প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অনুষ্ঠিত হয়। দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা এদিন শিব দর্শন ও পূজা করে থাকেন।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী ভারত, নেপাল ও ভুটানসহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারি ও পর্যটক এ মেলায় অংশ নেন। ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে আগত পূজারি ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মৈনাক পাহাড়ের চূড়া। বসেছে নানা ধরনের মেলার দোকান।

পূজা ও মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ২০২৬ সালের মেলা কমিটি ও প্রশাসন।

শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) জানান, প্রতি বছরের মতো এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারি ও ভক্তদের থাকার সুব্যবস্থা রাখা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক টহলে থাকবে। আগত পূজারি ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post a Comment

0 Comments