পুলিশে ২৭০১ কনস্টেবল নিয়োগ, অস্ত্র লাইসেন্স পুনঃযাচাই

সিবি ডেক্স: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দ্রুত সময়ে পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং তা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্সগুলো যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যারা লাইসেন্স পেয়েছেন তারা উপযুক্ত ছিলেন কি না তাও যাচাই করা হবে।

রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লাইসেন্স বাতিল হলে সংশ্লিষ্ট অস্ত্রের অনুমোদনও বাতিল হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো বর্তমানে অবৈধ হিসেবে গণ্য। এসব অস্ত্রের বিষয়ে মামলা হতে পারে এবং যথাযথ প্রক্রিয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

Post a Comment

0 Comments