ঢাকা-৮ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই আসনে তার প্রতিদ্বন্দ্বীদের প্রকৃত সমর্থন এতটা নয় এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছে।
মির্জা আব্বাস বলেন, ‘ফলাফলে আমি আনন্দিত। দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এই রায় ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমি গর্বিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করতে পারছি।’
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে তা অন্যায়ভাবে করা হয়েছে। বাতিল ভোট পুনরায় গণনায় অন্তর্ভুক্ত করার দাবিতে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানান।
তিনি অভিযোগ করে বলেন, ‘আমি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এখানে ভোট ইঞ্জিনিয়ারিং করা হতে পারে। তারা সেটাই করেছে। এটা জাতির জন্য খুবই ভয়ংকর একটি লক্ষণ। এরা এখানে এত ভোট পেল কীভাবে—বাস্তবে তাদের কোনো ভোটই নেই।’
ঢাকা-৮ আসনের এই ফলাফল ও প্রার্থীর অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
0 Comments