চতুর্থবারের জন্য চকরিয়া-পেকুয়ায় বিজয়ী সালাহ উদ্দিন আহমদের প্রতিশ্রুতি

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দল কোনও বিজয় উল্লাস করবে না। তিনি বলেন, "আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান কর্তব্য। রাষ্ট্র পরিচালনায় ভুল হতে পারে, কিন্তু জনগণ মনে করেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ।"

বেসরকারিভাবে ফলাফল পাওয়ার পর বৃহস্পতিবার রাতে পেকুয়ায় নিজের বাড়িতে সালাহ উদ্দিন আহমদ এই প্রতিক্রিয়া দেন। তিনি আরও বলেন, "নির্বাচনের আগে ও পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের ব্যাপক সমর্থন ও উচ্ছ্বাস থেকেই দলটি জনগণের প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট বার্তা পেয়েছে। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল।"

বিজয়ী প্রার্থী আরও যোগ করেন, "আমি বড়ই সৌভাগ্যবান, এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি। এই অঞ্চলের মানুষের প্রতি আমার যে প্রতিশ্রুতি, তার চেয়ে বেশি জনআকাঙ্ক্ষা পূরণ করবো।"

এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এর আগে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

Post a Comment

0 Comments