চার হত্যা মামলাসহ পাঁচ মামলায় আইভীর জামিন

সিবি ডেক্স: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট হৃদয় রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচ মামলায় গত নভেম্বর মাসে আইভী জামিন পান। তবে আপিল বিভাগে ওই পাঁচ মামলায় তার জামিন স্থগিত হয়। পরে তাকে একই পাঁচ মামলায় পুনরায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। তাকে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।

Post a Comment

0 Comments