সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং মতপ্রকাশের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে মতামত দেবেন এবং সংশ্লিষ্টরা তার জবাব দেবেন।
অন্যদিকে তথ্যমন্ত্রী জানান, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, এতে বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে এসেছে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের আচরণ নিয়ে অভিযোগ। বিষয়টি পর্যালোচনা শেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
দৈনিক কালের কণ্ঠ-এ প্রকাশিত ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেন, অন্তর্বর্তী সরকার তাকে ‘প্রাসাদবন্দি’ করে রেখেছিল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বিদেশ সফর সম্পর্কে অবগত করা হতো না।
তিনি আরও অভিযোগ করেন, তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার পরিকল্পনা করা হয়েছিল, যা তিনি অসাংবিধানিক বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সশস্ত্র বাহিনী তার পাশে থেকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা রেখেছে।
0 Comments